নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জনের প্রথম থেকেই তলে তলে তার বিকল্প খোঁজা শুরু করেছিল বার্সেলোনা। ব্রাজিলিয়ান তারকার সম্ভাব্য বিকল্প নামগুলোর মধ্যে সবার উপরে আছে মেসির জাতীয় দল সতীর্থ পাওলো দিবালার নাম।
নেইমার পাকাপাকিভাবে বার্সা ছাড়ার পর নতুন পার্টনার হিসেবে স্বদেশীকেই চাচ্ছেন মেসি। সেটা যেকোনো মূল্যেই হোক না কেন!
গত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সাকে উড়িয়ে ফাইনালে উঠেছিল জুভেন্টাস। তুরিনের প্রথম লেগের ম্যাচে এই ‘নতুন মেসির’ কাছেই বিধ্বস্ত হয়েছিল বার্সা। সেই থেকেই দিবালাকে পাখির চোখ করেছে কাতালানরা। নেইমার চলে যাওয়ার পর তাদের আগ্রহের বেগ আরও বেড়েছে।
ইতালির গণমাধ্যমের খবর, ন্যু ক্যাম্পে নতুন পার্টনার হিসেবে দিবালাকেই দলে চাইছেন মেসি। যদিও দিবালাকে কোন মূল্যেই ছাড়তে নারাজ জুভরা।
ইতালিয়ান পত্রিকা ‘কোরিয়ারি ডেল স্পোর্ত’ এক প্রতিবেদনে দিবালার প্রতি মেসির প্রবল আগ্রহের কথা জানিয়েছে। পত্রিকাটি তাদের ফ্রন্ট পেজে মেসি ও দিবালার গলা ধরাধরি একটি ছবির নিচে শিরোনাম করেছে, ‘ওয়াল অ্যারাউন্ড দিবালা’। এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে, দিবালাকে ধরে রাখতে সম্ভব্য সবকিছু করবে জুভেন্টাস। তবে কাজটা যে কঠিন হবে সেটাও উল্লেখ করেছে তারা।
পত্রিকাটি আরও জানিয়েছে, দিবালাকে দলে পেতে ১২০ মিলিয়ন ডলারের দর ওঠাতে পারে বার্সেলোনা।
২৩ বছরের দিবালা জুভদের জার্সি গায়ে ৯৪ ম্যাচে ৪২ গোল করেছেন। এবছর সিরি আ ও ইতালিয়ান কাপ জিতেছে জুভেন্টাস।
অন্যদিকে নেইমারকে নিয়ে আর ভাবতে চান না বার্সেলোনার কোচ আর্নেস্টো ভালভার্দে। বলেছেন, ‘প্রত্যেকেই ভাগ্য নির্বাচনের ক্ষেত্রে স্বাধীন। সে তার নিজেরটা বেছে নিয়েছে। আমরা তার সৌভাগ্য কামনা করি। আমরা তার এখানে থাকাটা পছন্দ করতাম। কিন্তু এখন আমাদের ওই চিন্তা বাদ দিতে হবে। পেছনে না তাকিয়ে আপনাকে সামনে দেখতে হবে। কিছু দরজা বন্ধ হয়েছে, কিন্তু অন্যগুলো তো খোলা আছে।’









