যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে একটি শপিং মলে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালিয়েছে। ছুরির আঘাতে আহত হয়েছে কমপক্ষে ৮ জন। সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।
মিনেসোটার সবচেয়ে বড় শহর মিনাপলিস থেকে ৭০ মাইল উত্তর-পশ্চিমে সেইন্ট ক্লাউড এলাকায় হামলার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।
সন্দেহভাজন একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার পোশাক পরে ছিল। শপিং মলে ভীড়ের মাঝে নিজের কাছে থাকা ছুরি বের করে সে অতর্কিতে হামলা চালায় বলে জানিয়েছেন সেইন্ট ক্লাউড পুলিশ প্রধান উইলিয়াম ব্লেয়ার অ্যান্ডারসন।
শপিং মলে আসা আরেক এলাকার ছুটিতে থাকা এক পুলিশ সদস্যের গুলিতে মারা যায় সন্দেহভাজন হামলাকারী। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। শপিং মলটি বন্ধ করে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। ওই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।







