যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় কয়েকটি এলাকায় তুষারপাত ও প্রবল শীতকালীন ঝড়ে নাকাল হয়ে পড়েছে জনজীবন। নিউইয়র্ক, নিউ জার্সি, বোস্টন সহ ৫টি রাজ্যে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।
বিবিসি জানায়, বিশেষজ্ঞরা কিছু জায়গায় তুষারপাতের সাথে উপকূলের কাছে বন্যা সতর্কতা জারি করেছে। একই সাথে বাতিল হয়েছে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল।ঝড় আসার সাথে সাথে ম্যাসাচুসেটস জুড়ে ১লাখ ১৬ হাজার এরও বেশি পরিবার বিদ্যুৎবিহীন ছিল।
‘নরইস্টার’ নামে পরিচিত ঝড়টির জন্য বোস্টন এলাকায় ২ ফুট এবং নিউইয়র্কের কিছু অংশে ১ ফুটেরও বেশি তুষারপাতের আশঙ্কার কথা জানিয়েছিল পূর্বাভাসকারীরা। যেখানে ২৪ ঘণ্টার মধ্যেই ২৬ ইঞ্চির বেশি তুষার পড়েছে।
দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা এই পরিস্থিতিতে ‘ভ্রমণ প্রায় অসম্ভব’ বলে সতর্ক করেছে। এক ফুট তুষারপাতের পূর্বাভাস দেয়ায় পরিস্থিতি মোকাবেলায় সল্ট মেশিন ও স্নোপ্লো প্রস্তুত রাখতে টুইট করেছেন নিউইয়র্কের মেয়র।
এক বিবৃতিতে জনগণকে নিরাপদে বাড়িতে অবস্থান ও যে কোনো অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত তাপমাত্রা কমিয়ে ঝড়টি তীব্রতর হবে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা।








