যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশী শিক্ষার্থী আরিফ সাইদ ফয়সালের হত্যার বিচার দাবিতে ম্যাসাচুসেটসের ক্যামব্রিজ সিটি হলের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড।
গতকাল সোমবার (৯ জানুয়ারি) দুপুরে ক্যামব্রিজ সিটি হলের সামনে অনুষ্ঠিত বিক্ষোভে ব্যানার এবং প্ল্যাকার্ডে জাস্টিস ফর ফয়সাল লিখে বিক্ষোভে অংশ নেন প্রায় ৫’শ মানুষ।
সমাবেশে অংশ নেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের সভাপতি তানভীর মুরাদ, অ্যাটর্নি বারবারা ডোগ্যান, মুসলিম জাস্টিস লিগের ফাতেমা আহমেদসহ অন্যরা। সমাবেশ থেকে সবাই ফয়সালের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
আগামী ১৪ জানুয়ারি বাংলাদেশী শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে হার্ভার্ড স্কয়ারে বিক্ষোভ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড।
গত বুধবার (৪ জানুয়ারি) ২০ বছর বয়সী বাংলাদেশী বংশোদ্ভুত শিক্ষার্থী সাইদ আরিফ ফয়সালকে লক্ষ্য করে গুলি করে ক্যামব্রিজ পুলিশ। ঘটনাস্থলেই ফয়সাল জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ভর্তির পর ওইদিন সন্ধ্যায় ফয়সালের মৃত্যু হয়।







