যে সরকারই ক্ষমতায় আসুক যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে অভিনন্দন জানাতে তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে সেতু ভবনে যান বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত মা মিংচিয়ান।
ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের অর্থায়নে প্রথমিকভাবে সম্মত হয়েছে চীন।
সে সময় চীনের প্রেসিডেন্টের সাম্প্রতিক বাংলাদেশ সফরের পর চুক্তি করা প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার উপায় নিয়ে আলোচনা হয়।
সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা এখন ঢাকা চট্টগ্রাম নিয়ে নতুনভাবে প্রকল্পের জন্য ভাবছি। ইতিমধ্যে এডিবি একটি পরিকল্পনা করেছে।
সাংবাদিকদের প্রশ্ন ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও। ওবায়দুল কাদের বলেন, ডেমোক্র্যাট কিংবা রিপাবলিকান যেই আসুক, বাংলাদেশে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
৭০ হাজার কোটি টাকা ব্যয়ে ২শ’২৫ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হলে দুই থেকে আড়াই ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম যাতায়াত সম্ভব হবে।







