মার্কিন আদালতের রায়ের পর বৃহস্পতিবার থেকে ট্রাম্প প্রশাসনের ‘আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা’ চালু হচ্ছে। ইতোমধ্যে ছয়টি মুসলিম দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করতে নতুন নিয়ম জারি করেছে যুক্তরাষ্ট্র। এখন থেকে এই নির্দেশনা অনুসরণ করে ভিসা আবেদন করতে হবে।
নতুন এই নিয়ম অনুযায়ী আগামী ৯০ দিন ভিসার আবেদন করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে যাদের ‘ঘনিষ্ঠ আত্মীয়’ রয়েছে শুধু তারাই আবেদন করতে পারবেন। ঘনিষ্ঠ আত্মীয়ের তালিকায় রয়েছে পিতা-মাতা, স্বামী-স্ত্রী, শিশু, সন্তান বা ছেলে-মেয়ে, জামাই, বড় ভাই বা বোন।
এই ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের তালিকায় দাদা-দাদী, চাচা-চাচী, বর্ধিত পরিবারের সদস্য বা নাতি-নাতনী অন্তর্ভুক্ত হবে না।
ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আদেশের পুরোপুরি মেনে না নিয়ে অংশবিশেষ কার্যকর করতে সম্মতি দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু ৬টি মুসলিম প্রধান দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের নতুন নিয়ম সম্পর্কে এখনো অনেক বিভ্রান্তি রয়ে গেছে৷
সিরিয়া, সুদান, ইরান, সোমালিয়া, লিবিয়া ও ইয়েমেন এই ৬টি দেশের সব নাগরিকের অ্যামেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে আদালত।
রায়ে বলা হয়েছে, এই দেশগুলির যেসব নাগরিকের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধ সম্পর্ক রয়েছে, তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না৷
অর্থাৎ শুধু আত্মীয়স্বজন থাকার প্রয়োজন নেই, মার্কিন প্রতিষ্ঠানের কর্মী অথবা মার্কিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসেবেও এই ৬টি দেশের নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন।
তবে শুধু যুক্তরাষ্ট্রে প্রবেশের উদ্দেশ্যে এমন সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা চালালে তা গ্রহণযোগ্য হবে না বলা হয়।








