যুক্তরাষ্ট্রের পর এবার চীনও তাদের সামরিক ব্যয় বাড়ানোর ঘােষণা দিয়েছে। চীন তাদের সামরিক খাতের বাজেট ৭ শতাংশ বৃদ্ধি করতে যাচ্ছে বলে বিবিসি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে চীন নিয়ে পর্যবেক্ষণ করেন এমন অনেকে বলছেন, বাজেটের পরিমাণ এর চেয়ে অনেক বেশি হতে পারে।
দেশটির বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসকে সামনে রেখে সামরিক খাতে বরাদ্দ বাড়ানোর এই ঘোষণা দেয়া হয়। বিগত কয়েক বছরে অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে তাদের সামরিক বাহিনীকে আধুনিক করার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে চীন।
দুই বছরে চীনের সামরিক বাজেট ১০ শতাংশেরও বেশি বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রের চেয়ে এখনও তাদের সামরিক ব্যয় অনেক কম।
চীন সরকারের মুখপাত্র ফু উইং এর বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, চীনের জিডিপি থেকে ১ দশমিক ৩ শতাংশ ব্যয় বাড়বে। আত্মরক্ষার জন্যই সামরিক বাহিনীর দিকে গুরুত্ব দিচ্ছে চীন।
তিনি বলেন, ‘আমরা শান্তি চাই। তবে একই সঙ্গে নিজের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেব আমরা।’
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন।








