ক্রমবর্ধমান সন্ত্রাসী হুমকির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের জন্য বিশ্বব্যাপি ভ্রমণ সতর্কতা জারি করেছে। এই সতর্কতা আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বলবত থাকবে বলে জানিয়েছে তারা।
দেশটির স্টেট ডিপার্টমেন্ট-এর বরাতে বিবিসি জানিয়েছে, ‘বর্তমান তথ্য’ অনুযায়ী ইসলামিক স্টেট গ্রুপ, আল-কায়েদা, বোকো হারাম এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠি বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী হামলার পরিকল্পনা শুরু করেছে।
ফ্রান্স, রাশিয়া, মালি এবং অন্যান্য আরো কয়েকটি দেশ গত মাসে রক্তাক্ত হামলার সম্মুখীন হয়েছে।
২৩ নভেম্বর জারি করা ওই সর্তকবার্তায় আলাদা করে বাংলাদেশের নাম না থাকলেও গত ১০ নভেম্বর শুধুমাত্র বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। যা ২ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে বলে স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে উল্লেখ করা আছে।






