যুক্তরাজ্যে ওমিক্রন ইমার্জেন্সি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। টেলিভিশন দেয়া ভাষণে ওমিক্রনের জোরালো ঢেউ মোকাবিলায় চলতি সপ্তাহ থেকে ১৮ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ শুরুর ঘোষণা দেন তিনি।
বরিস জনসন বলেন: ওমিক্রনের জোয়ার আসার বিষয়ে কারও সন্দেহ থাকা উচিত নয়। সেটি মোকাবেলায় চলতি সপ্তাহ থেকে ইংল্যান্ডে প্রাপ্তবয়স্ক সবাইকে ভ্যাকসিনের তৃতীয় ডোজের আওতায় আনা হবে।
এর কারণ হিসেবে তিনি জানান: গবেষকরা বলছেন নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে দু’টি ডোজ যথেষ্ট সুরক্ষা দিতে পারবে না। দ্বিতীয় ডোজ নেয়ার তিন মাস পার হলে যে কেউ বুস্টার ডোজ নিতে পারবেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন: টিকাদান কর্মসূচিতে সহায়তা করবে সামরিক বাহিনীর ৪২টি দল। এছাড়া বুস্টার ডোজ প্রয়োগে জোর দিতে চিকিৎসা সংক্রান্ত কিছু কর্মসূচি স্থগিত করেছে সরকার।
এর আগে যুক্তরাজ্যের করোনা সতর্কতা বাড়িয়ে লেভেল চার এ নেওয়া হয়।
অন্যদিকে করোনার ওমিক্রন ধরন বেশি সংক্রামক এবং টিকার কার্যকারিতা কমিয়ে দেয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, ওমিক্রন ধরনের লক্ষণগুলো কম তীব্র।
ব্রিফিংয়ে তারা বলেছে, যেসব স্থানে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে সেখানে ডেল্টা ধরনের চেয়ে ওমিক্রন বেশি সংক্রামক। এ পর্যন্ত ৬৩টি দেশে ছড়িয়েছে ওমিক্রন।
জার্মানির বেশ কিছু শহরে কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। সেসময় বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে ১৪ পুলিশ আহত হয়। বিক্ষোভ হয়েছে, চেক প্রজাতন্ত্র, গ্রিস এবং ইউক্রেনেও।
ইউরোপে ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় ইংল্যান্ড, ডেনমার্ক ও বেলজিয়াম ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। স্কটল্যান্ডে আগামী সপ্তাহ থেকে ৩০ থেকে ৩৯ বছর বয়সীদের টিকার বুস্টার ডোজ শুরু হচ্ছে।







