নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারীসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো চারজন। আহতদের স্থানীয় হাসপতালে চিকিৎসা দেয়া হয়েছে।
তবে নিহত বা আহতদের কারো নাম পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় কাঁচপুর এলাকায় আল নূর ইন্ডাষ্ট্রিজ এর সামনে এই দূর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) তৈয়বুর রহমান জানান, নোয়াখালী থেকে মায়ের দোয়া পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের কাঁচপুরে একটি সিএনজি অটো রিকশাকে ধাক্কা দেয়।
এ সময় অটো রিকশা ও যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ চারজন যাত্রী নিহত হন।
আহত হন আরো চারজন। দূঘর্টনার পর পর স্থানীয়রা এসে আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠায়। পরে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ নিহত বা আহতদের কারো নাম পরিচয় জানাতে পারেনি।










