যশোর তীরের হাট মথুরাপুর রেলক্রসিংয়ে ট্রেন ও প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জন
নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন তীরের হাট গ্রামের নিত্যপদ সরকারের ছেলে চয়ন (১০)। অন্য দুইজনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতদের মধ্যে চয়নের মা দিপিকা রাণী সরকারও রয়েছে।
স্থানীয়রা জানান, মণিরামপুর উপজেলার খতেখালি গ্রামের রাণী তার স্বজনদের নিয়ে সদর উপজেলার তীরেরহাট এলাকার মথুরাপুরে আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিলো। বেলা ১১টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছুলে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাদের প্রাইভেটকারকে ধাক্কা দেয়।
ওই রেলক্রসিংয়ে কোন গেটম্যান না থাকায় প্রাইভেটের চালক ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেন নি বলেও জানান তারা।
যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ জানায়, নিহত তিনজনের লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের একজনের পরিচয় পাওয়া গেছে। অন্যদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।







