যথাসময়ে কর্মচারীদের বেতন-ভাতা দিতে কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। সতর্কবানী উচ্চারণ করে শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল আশায়খ বলেছেন, কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে দেরি হলে সমস্যার সৃষ্টি হবে এবং তা কর্মচারীদের কর্মদক্ষতা ও ঐক্যকে প্রভাবিত করবে।
আরব নিউজের খবরে বলা হয়, মুফতি বলেছেন, ‘দেরি করে বেতন দেওয়া অন্যায়। এটা তাদের (কর্মচারী) এবং তাদের পরিবারকে ক্ষতি করবে।’
গ্র্যান্ড মুফতি আরো বলেন, ‘ব্যবসায়ীদের অবশ্যই মাসিক বেতন যথাসময়ে পরিশোধ করতে হবে।’
‘ঘাম শুকানোর আগে মজুরের মজুরি দাও’-হযরত মুহাম্মদ(সঃ)’-এর এই বানীও স্মরণ করিয়ে দেন আল আশায়খ।
সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ নিয়ে এক রেডিও প্রোগ্রামে কথা বলার সময়, ঘুষ ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের ব্যাপারে সতর্কবানী উচ্চারণ করেন গ্র্যান্ড মুফতি।
ঠিক সময়ে বেতন না দেয়ার জন্য সৌদি আরবের বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করে কর্মচারীরা। বকেয়া বেতনের দাবিতে কয়েকদিন আগে জেদ্দায় সড়ক অবরোধের মতো ঘটনাও ঘটে।







