বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী সোমবার(১৪ অক্টোবর) যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুয়েট প্রশাসন এ তথ্য জানায়।
এতে বলা হয়, বুয়েটের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের সকল অনুষদের, সকল বিভাগের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৪ অক্টোবর সোমবার সকাল ৯টায় যথারীতি অনুষ্ঠিত হবে।
যানজট এড়াতে সকল পরীক্ষার্থীকে সকাল ৮ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত রোববার রাত ৮টায় বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। এরপর তাকে শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনার প্রতিবাদে এবং হত্যাকারীদের বিচারসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন বুয়েট শিক্ষার্থীরা। তবে ভর্তি পরীক্ষার কারণে ১৩ ও ১৪ অক্টোবর আন্দোলন শিথিলের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
একইসাথে, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সর্বোচ্চ সহায়তা করারও ঘোষণা দিয়েছেন তারা।








