একটি দুর্নীতি মামলায় হাজিরা দিতে এসে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, এই আদালতের উপর তার কোনো আস্থা নেই। আদালত যা ইচ্ছা রায় দিয়ে দিক। যতদিন ইচ্ছা সাজা দিয়ে দিক।
বুধবার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে ভেতরে স্থাপিত বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানির সময় এসব কথা বলেন তিনি।
এদিন বেলা সাড়ে দশটার দিকে বিচারক আদালত এজলাসে বসেন। সেসময় খালেদা জিয়াকে জানানো হয় তার পক্ষের আইনজীবীরা আদালতে অনুপস্থিত।
এজন্য বিচারের প্রায় শেষ পর্যায়ে থাকা এ মামলার শুনানি বুধবার করা সম্ভব হয়নি।
এ অবস্থায় ১০ মিনিট আদালতের কার্যক্রম চলার পর বিচারক ১২ ও ১৩ সেপ্টেম্বর শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করে দেন।
আসামিপক্ষের আইনজীবীরা অনুপস্থিত থাকায় এই আদালত যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য শুনানি মুলতবি করা হয়।
এর আগে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, কারাগারের ভেতর আদালত বসানো সংবিধান পরিপন্থি। তাই কেন্দ্রীয় কারাগারের ভেতর আদালত বসানো হলে তারা সেখানে যাবেন কিনা সেটা আদালত বকশীবাজারে এসে আনুষ্ঠানিকভাবে স্থানান্তরের কথা জানালে বিবেচনা করবেন তারা।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি এতদিন চলছিল কারাগার থেকে কয়েকশ গজ দূরে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত বিশেষ এজলাসে।
মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তা পুরনো কারাগারের ভেতরে স্থানান্তর করে আইন মন্ত্রণালয়।







