অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করেছেন তামিম ইকবাল। দুবারই আউট হয়েছেন ৭০-এর ঘরে। প্রথম ইনিংসে ৭১ আর দ্বিতীয় ইনিংসে ৭৮। এই বাঁহাতি ওপেনার মারকুটে মেজাজ নয়, খেলেছেন ধৈর্য নিয়েই। প্রয়োজনে আবার বোলারদের ওপর চড়াও হয়েছেন। টেস্ট ব্যাটিংয়ের সত্যিকার সৌন্দর্য মূর্ত হয়ে উঠেছিল তার ব্যাটিংয়ে। দুবারই এমন বলে আউট হয়েছেন যেখানে নিজেকে দোষ দেওয়ারও উপায় নেই!
তামিম নিজেকে দোষ দিচ্ছেনও না। তবে দুটো ইনিংসের মধ্যে একটাও তিনঅঙ্ক স্পর্শ না করায় আক্ষেপ হচ্ছে তার, ‘আজ(দ্বিতীয় ইনিংসে) যেভাবে আউট হয়েছি, সেটা নিয়ে প্রশ্ন থাকার কথা নয়। কারণ আমার নিয়ন্ত্রণে ছিল না। প্রথম ইনিংসেরটাও তেমনি। তবে যেভাবে ব্যাটিং করেছি, সেঞ্চুরি পেলে অবশ্যই খুশি হতাম। যেভাবে ডিসিপ্লিনড ওয়েতে ব্যাটিং করেছি, যতটা কষ্ট করেছি, একটা সেঞ্চুরি পেতেই পারতাম। কিন্তু এই উইকেটে কিছুই নিশ্চিত নয়।’
মিরপুরের স্পিনিং ট্র্যাকে যেভাবে লায়ন, অ্যাগারদের সামলে বাংলাদেশের ব্যাটিংয়ের নেতৃত্ব দিয়েছেন সেটা ছিল দেখার মতো। প্রথম ইনিংসে ৭১ রান করতে খেলেছেন ১৪৪ বল। পরের ইনিংসের ৭৮ এসেছে ১৫৫ বলে। ব্যাটিংয়ের পুরনো মারকুটে ঢং বদলে তামিম এখন দলের প্রতি আত্মনিমগ্ন একজন।
ছবি: সাকিব উল হাসান









