আসন্ন শ্রীলঙ্কা সফর থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্বে ফিরছেন খালেদ মাহমুদ সুজন। প্রায় দুই বছর ম্যানেজারের দায়িত্ব পালনের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে নিউজিল্যান্ড ও ভারত সফরে দলের সঙ্গী হতে রাজী হননি সাবেক এই ক্রিকেটার। পরে ক্রিকেট পরিচালনা বিভাগে দায়িত্বপ্রাপ্ত সাব্বির খানকে ম্যানেজার করে বিসিবি।
বিসিবির কাছে সুজন দাবি করে আসছিলেন, দীর্ঘমেয়াদে তাকে ম্যানেজারের দায়িত্ব অর্পণের। কিন্তু বরাবরের মতো এবারও আপাতত একটি সিরিজের জন্যই তাকে ম্যানেজার করার প্রস্তাব দেয়া হয়েছে। সুজন তাতে সাড়াও দিয়েছেন। শ্রীলঙ্কা সফরে টাইগারদের সঙ্গী হচ্ছেন তিনি।
আগের অনড় অবস্থান থেকে সুজন যে সরে এসেছেন সেটি তার কথাতেই স্পষ্ট হলো, ‘এটা তো বিসিবির ব্যাপার। তবে আমি বাংলাদেশ দলকে সাপোর্ট করে যেতে চাই। যদি আমার থাকাটা গুরুত্বপূর্ণ মনে হয়, তখন থাকবো। যে কোনো জায়গা থেকে যদি দলকে সাপোর্ট করতে পারি, সেটা দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী হতে পারে। যদি দীর্ঘমেয়াদে হয়, তাতে পরিকল্পনা করা সহজ হয়। বোর্ড-কোচ আমাকে অনুরোধ করেছে, তাই হওয়া। দেখা যাক ভবিষ্যতে তারা আমাকে কীভাবে চায়।’
শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। শুরুতেই টেস্ট সিরিজ হওয়ার কথা। প্রথম টেস্ট শুরুর সম্ভাব্য তারিখ ৭ মার্চ। ২৭ অথবা ২৮ ফেব্রুয়ারি লঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে মুশফিক-সাকিবরা।
আগের দুটি সিরিজে বাংলাদেশ ইতিবাচক ক্রিকেট খেলায় শ্রীলঙ্কা সফরে এবার জয়ের আশা করছেন সুজন। তার মতে, ‘আমরা এখন ভালো ক্রিকেট খেলছি। নিউজিল্যান্ড ট্যুরে ছেলেরা খুব ভালো ক্রিকেট খেলেছে। ভারতেও আমরা ভালো একটা টেস্ট ম্যাচ শেষ করলাম। ফলাফল হয়তো ওরকম আসেনি। কিন্তু ছেলেদের নিবেদন দেখার মতো ছিল। ছোটখাট কিছু ভুল হয়তো ছিল। ওগুলোকে ঠিক করে আমরা শ্রীলঙ্কায় ভালো ক্রিকেট খেলবো। যদিও তাদের মাটিতে খেলা, তারপরও সিরিজ জেতার সামর্থ্য আমাদের আছে। সেটা প্রত্যেকটা ফরম্যাটেই।’








