চলতি মৌসুমে কী মন্ত্রই না শিষ্যদের শিখিয়ে দিয়েছেন পেপ গার্দিওলা! তাতে জোর গতিতে ছুটছে ম্যানচেস্টার সিটির জয়রথ। পিছিয়ে নেই লিগের অন্য জায়ান্টরাও। শনিবার নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়েছে আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড।
ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইচের মাঠ থেকে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছে সিটিজেনরা। নিজ মাঠে হার্ডাসফিল্ডের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে লিভারপুল। আর সোয়ানসি সিটির বিপক্ষে পিছিয়ে পরেও আর্সেনালের জয়টি ২-১ গোলে।
ওয়েস্ট ব্রমের মাঠ দ্যা হওথোর্নসে ১০ মিনিটে গোলের সূচনা করেন সিটিজেন মিডফিল্ডার লেরয় সানে। ১৩ মিনিটে স্বাগতিকদের জয় রদ্রিগেজ সমতা ফেরালেও দুই মিনিট পর আবারও সিটিকে এগিয়ে নেন ফার্নান্দিনহো।
ম্যাচের ৬৪ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে ব্যবধান বাড়ায় ম্যানসিটি। ম্যাচের অন্তিম মিনিটে ওয়েস্ট ব্রমের ম্যাথিউ ফিলিপ ব্যবধান ৩-২ করলেও শেষ পর্যন্ত জয় নিয়েই ফিরেছে সিটিজেনরা।
সোয়ানসির মাঠে ২২ মিনিটে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। ৫১ মিনিটে সিড কোলাসিনাচ সমতা ফেরানোর পর ৫৮ মিনিটে গানারদের জয় নিশ্চিত করে অ্যারন রামজির গোল।
অ্যানফিল্ডে গত সপ্তাহে ম্যানইউর ঘাতক হার্ডাসফিল্ডের বিপক্ষে ৪২ মিনিটে মোহাম্মদ সালাহ পেনাল্টি সুযোগ হাতছাড়া করলেও জয় পেতে কষ্ট হয়নি লিভারপুলের।

ম্যাচের ৫০ মিনিটে ড্যানিয়েল স্টারিজ অলরেডদের এগিয়ে নেয়ার পর ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবের্তো ফিরমিনো। ৭৫ মিনিটে জর্জিনিও ভিনালদামের গোলে ৩-০তে প্রত্যাশিত জয়ই নিশ্চিত হয় ইয়ুর্গেন ক্লপের দলের।
টানা আট জয়ে ১০ ম্যাচে ২৮ পয়েন্টে টেবিলের শীর্ষে থাকল ম্যানসিটি। সমান ম্যাচে ১৯ পয়েন্টে আর্সেনাল উঠে এসেছে টেবিলের চারে। লিভারপুলের পয়েন্ট ১৬। তারা আছে টেবিলের ছয়ে। আর দিনের প্রথম ম্যাচে টটেনহ্যামকে ঘরের মাঠে ১-০ গোলে হারানো ম্যানইউ ২৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুইয়ে।







