ওলে গানার সোলশেয়ারকে ছাঁটাইয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের বাজে দশা কাটাতে রালফ র্যাঙ্গনিকের উপর আস্থা রাখা হয়। টানা পাঁচ ম্যাচে অপরাজিত থেকে ভালোই সময় পার করছিলেন জার্মান কোচ। ঘরের মাঠে লিগ ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে হারার পর সেই র্যাঙ্গনিকও এখন চাপে।
ওল্ড ট্রাফোর্ডে গোটা ম্যাচে বিবর্ণ রেড ডেভিলদের মাঠের খেলায় চেনাই যায়নি! প্রতিপক্ষ যেখানে শট নিয়েছে ১৯ বার, স্বাগতিকরা নিতে পেরেছে সবে ৯ বার। পোস্ট বরাবর লক্ষ্যে উলভরা ৬ শট নিলেও রেড ডেভিলরা নিতে পেরেছে মাত্র ২টি! রোনালদো দেখাতে পারেননি ঝলক, বাকিরাও ছিলেন ছায়া হয়ে।
‘ব্যক্তিগতভাবে কিংবা দলীয়ভাবে মোটেও ভালো খেলিনি। প্রথমার্ধে গোল করার ক্ষেত্রে আমাদের বড় সমস্যা ছিল।’ দলের হতাশার হারের পর বলেছেন রালফ।
‘আমরা মোটেও চাপ প্রয়োগ করতে পারিনি। চেষ্টা করেছিলাম, কিন্তু চাপ তৈরি করতে ব্যর্থ হয়েছি। মিডফিল্ডে প্রতিপক্ষ অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পেরেছিল এবং তারা উইং-ব্যাক দিয়ে খেলছিল।’
‘ট্রেনিং ক্যাম্প বন্ধ করার প্রয়োজনে আমরা মাত্র আড়াই বা তিন সপ্তাহ কাজ করছি। আমরা ফলাফল পেয়েছি। অনেক সময়ে আমরা ভালো খেলেছি, কিন্তু আজ আমাদের স্বীকার করতে হবে যে তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।’ হারের পর করোনা পরিস্থিতিতে অনুশীলন ক্যাম্প বন্ধ করার কথা টেনেছেন ম্যানইউ কোচ।








