গ্যাব্রিয়েল জেসাসের আবির্ভাবে আড়ালেই চলে যাচ্ছিলেন। পেপ গার্দিওলা তাকে ছাড়াই মূল একাদশ সাজিয়েছেন দুই ম্যাচে। পরে জেসাসের চোটে আবার যখন ডাক পড়ল, একের পর এক গোলেই বঞ্চনার জবাব দিতে শুরু করলেন সার্জিও আগুয়েরো। তার গোলেই লিভারপুলের বিপক্ষে রোববার রাতে পয়েন্ট বাঁচিয়েছে ম্যানচেস্টার সিটি।
সিটিজেনদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে গোল পায়নি ম্যানসিটি-লিভারপুল কোন দলই। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় ডি-বক্সের ভেতর লিভারপুলের ফিরমিনোকে ফেলে দিয়ে পেনাল্টি উপহার দেন গায়েল ক্লিচি। সুযোগ কাজে লাগিয়ে অতিথিদের এগিয়ে দেন ডেভিড মিলনার।
অবশ্য সমতায় ফিরতেও বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ম্যাচের ৬৯ মিনিটে কেভিন ডি ব্রুইনের অসাধারণ এক ক্রসে বল পেয়ে প্রতিপক্ষের জাল খুঁজে নেন আগুয়েরো। জেসাসের চোটের পর একাদশে ফিরে প্রয়োজনের মুহূর্তে গোল করাটা যেন এক প্রকার অভ্যাসে পরিণত করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
বাকি সময়টাতে কোন দলই আবারো প্রতিপক্ষের জাল খুঁজে না পেলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়। এই ড্রয়ে ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকল ম্যানসিটি। আর সিটিজেনদের থেকে এক ম্যাচ বেশি খেলে ৫৬ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল।
রাতের আরেক ম্যাচে ফেলাইনি, লিনগার্ড এবং অ্যান্তোনিও ভ্যালেন্সিয়ার গোলে মিডলসবোরোর বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। যাতে ২৭ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে এভারটনকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে রেড ডেভিলরা।







