ইউরোপিয়ান ফুটবল লিগগুলোতে ম্যাচ সেরার হাতে তুলে দেয়া হয় দামী পানীয়র বোতল। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যান অফ দ্য ম্যাচ খেলোয়াড়টি পান অর্থ পুরস্কার। এসব ভুলে যান! সাউথ আফ্রিকান ফুটবল লিগে ম্যাচ সেরা হয়ে হোলোমফো কেকানা যা পেয়েছেন, সেটা জানলে মনে রাখবেন সারা জীবন! মেমোলডি সানডাউন অধিনায়কের হাতে সেরার পুরস্কার তুলে দেয়া হয়েছে ৫ জিবি ইন্টারনেট ডাটা!
এমন পুরস্কার অবশ্য দেয়ার কারণও আছে। সাউথ আফ্রিকায় ইন্টারনেট ডাটার মূল্য চড়া। লিগ কমিটির ঠিক করে দেয়া এমন পুরস্কার তাই হয়ত কাজেই লাগবে কেকানার।
তবে এ কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে হাসি-ঠাট্টার জোয়ার। ট্রেভর নামের এক সাউথ আফ্রিকান টুইটারে ক্ষোভও ঝেড়েছেন লিগ কর্তাদের উপর, ‘আমি জানি এটা একটা অসহ্যকর দেশ, বিশেষত যখন আপনি দেখবেন যে কোন ম্যাচ সেরার হাতে ৫ জিবি ডাটা তুলে দেয়া হচ্ছে।’

অবশ্য আফ্রিকান লিগগুলোতে এমন পুরস্কার নতুন কিছু নয়। জিম্বাবুইয়ান লিগে ম্যাচ সেরাকে দেয়া হয় এক কেস বিয়ার। ঘানাইয়ান লিগে ম্যাচ সেরার হাতে এক জোড়া স্যান্ডেল তুলে দেয়ার মত ঘটনাও আছে। বোতসোয়ানা লিগে সেরা খেলোয়াড় পান ঘরের বাজার-সদাই!
অদ্ভূত পুরস্কারের নজির পেতে বাংলাদেশের বাইরে যাওয়ার প্রয়োজনও নেই। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ম্যান অফ দ্য ম্যাচের হাতে রাইস কুকার, ইস্ত্রি দেয়ার নজির আছে। আবাহনীর হয়ে সেরা খেলোয়াড় হয়ে ব্লেন্ডার পেয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার লুক রাইট। পরে মজা করে টুইটারে লিখেছিলেন, ‘মায়ের হাতে একটা ব্লেন্ডার তুলে দিতে পারবো অবশেষে!’










