ম্যাচ পাতানোর দায়ে কপাল পুড়ল ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবলের দুই ক্লাব ঢাকা ইউনাইটেড স্পোর্টস ও ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের। শাস্তি স্বরূপ এই দুদলকে প্রথম বিভাগ ফুটবল থেকে নামিয়ে দেয়া হয়েছে দ্বিতীয় বিভাগে।
অভিযোগ ছিল গত ২১মে সিনিয়র ডিভিশন ফুটবলে সোশ্যাল ওয়েলফেয়ারকে ২-০ গোলে ম্যাচ ছেড়ে দিয়েছিল ঢাকা ইউনাইটেড। ম্যাচের ভিডিও দেখে বৃহস্পতিবার এই রায় দেয় ঢাকা মহানগরীর লিগ কমিটি। কমিটির প্রধান হারুনুর রশীদ মালু এই সিদ্ধান্ত জানান।
দলের পাশাপাশি শাস্তি পেয়েছেন ঢাকা ইউনাইটেডের তিনজন ফুটবলারও।
অধিনায়ক মশিউল কবির বাপ্পি ও গোলরক্ষক নুর আলম নিষিদ্ধ হয়েছেন দুই বছর করে। আর স্টপার মোহাম্মদ জুয়েল পেয়েছেন এক বছরের নিষেধাজ্ঞা।
তবে বিতর্ক আছে ম্যাচের তদন্ত প্রক্রিয়া নিয়েও। পুরো টুর্নামেন্টের কোন ম্যাচে ভিডিও করা না হলেও এই ম্যাচটিতেই কেন ভিডিও করা হল সেই প্রশ্নের কোন সদুত্তর দেয়নি লিগ কমিটি। ম্যাচ পাতানোর অভিযোগ আছে আরও অনেক দলকে ঘিরে। কিন্তু শুধু এই দুই দলকে কেন শাস্তি দেওয়া হল তারও সঠিক উত্তর পাওয়া যায়নি।










