আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন ওপেনার তামিম ইকবাল। ১১৮ করে তৃতীয় ওয়ানডেতে ম্যাচ সেরাও তিনি। সেই সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে দেশের পক্ষে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরিয়ান এখন তামিমই।
তৃতীয় ম্যাচে ১১০ বলে তুলে নেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। ১১ চার ও দুই ছক্কায় ইনিংসটি সাজান টাইগার ওপেনার। আর তিন ম্যাচে রান করেছেন ২১৮। প্রথম ম্যাচে ৮০ রানের পর দ্বিতীয় ম্যাচে করেছিলেন ২০ রান।
ওয়ানডেতে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরিয়ান এখন তামিম ইকবাল। এতদিন সাকিব আল হাসান ও তামিম ইকবাল ছয় সেঞ্চুরি নিয়ে যৌথভাব শীর্ষে ছিলেন।
সপ্তম সেঞ্চুর পূর্ণ করতে খেলেছেন ১৫৬ ম্যাচ। তামিমের ওয়ানডে রান এখন চার হাজার ৯৩১। শাহরিয়ার নাফীস ও মুশফিকুর রহিমের সেঞ্চুরি চারটি করে। তিন সেঞ্চুরিতে সেরা পাঁচে এনামুল হক বিজয়।
তামিম ইকবাল প্রথম সেঞ্চুরি করেছিলেন ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর একে একে পাকিস্তানের বিপক্ষে দুটি, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে একটি করে সেঞ্চুরি করেছেন। সাত সেঞ্চুরির পাঁচটি হয়েছে মিরপুর স্টেডিয়ামে।








