ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব নিয়ে প্রথম মিশনের অপেক্ষায় ব্রেন্ডন ম্যাককালাম। দীর্ঘদিনের বন্ধুকে আবারও কাছে পাবেন ইংলিশদের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান। মরগান খেলেন কেবল সাদা বলে, তাতে বেন স্টোকসদের মতো খুব কাছে গিয়ে প্রিয় বন্ধুকে আলিঙ্গনের সুযোগ নেই তার। নিউজিল্যান্ড তারকার টেস্ট দলকে তাই হিংসাই করছেন মরগান!
‘ম্যাককালামের টেস্ট কোচ হওয়া বেশ রোমাঞ্চকর। আমি টেস্ট খেলোয়াড়দের প্রতি ঈর্ষান্বিত। কারণ তার অধীনে খেলে আমি জানি সে একজন দুর্দান্ত ম্যান-ম্যানেজার। সে পরিস্থিতি হালকা করে দেয়।’
ম্যাককালামের সাথে বন্ধুত্বটা বেশ পুরনো মরগানের। নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ড, যখনই সময় পান একে অন্যের কাছে ছুটে যান দুজনে। জমিয়ে আড্ডা দিতে বাড়িতে সময় কাটান। মরগানের বিয়েতে প্রধান অতিথি ছিলেন কিউইদের সাবেক অধিনায়ক।
‘আপনার উদ্দেশ্য কী তা বোঝার ক্ষমতা তার আছে। তাকে নিয়োগ দেয়া দুর্দান্ত সিদ্ধান্ত। কেবল ইংল্যান্ড ক্রিকেট নয়, টেস্ট ক্রিকেটকে সে ভিন্ন মাত্রা দিতে পারে। তার উদ্বেগহীন মনোভাব দলের মধ্যে ছড়িয়ে দিতে পারবে। নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটে পরিবর্তনের মূল কারিগর ছিল সে।’ বলছেন মরগান।
একসময় ম্যাককালাম মিডলসেক্সের হয়ে খেলায় সেখানে যোগ দেয়ার বাসনা ছিল মরগানের। ব্যাটে-বলে হয়ে ওঠেনি। পরে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে এসে জুটি গড়েছেন। সেই বন্ধুত্ব এখন আরও গাড়। কিন্তু ২০১২ সালের পর আর টেস্ট খেলেননি মরগান, সাদা পোশাকে ফেরার সম্ভাবনাও নেই। বন্ধুর অধীনে ইংলিশ দলে খেলতে না পারার আক্ষেপেই টেস্ট দলের সদস্যদের হিংসে করছেন মরগান।
‘দারুণ এক পরামর্শদাতা, আইপিএলের অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে বড় চাপ আছে। তবে দায়িত্ব নেয়ার দ্বিতীয় বর্ষেই দলকে ফাইনালে ওঠাতে অগ্রণী ভূমিকায় ছিল ব্রেন্ডনের। এটা তার বড় অর্জন। সর্বোপরি সে আমাদের জন্য উদযাপনের উপলক্ষ নিয়ে আসবে।’
সাদা বলে ম্যাথু মটের অধীনে ইংলিশদের নেতৃত্ব দেবেন মরগান। তাকে নিয়েও বেশ রোমাঞ্চিত তিনি। সাদা বলে ম্যাককালামের পরিবর্তে কোচ হিসেবে মটকেই চেয়েছিলেন বলে জানিয়েছেন।
‘অধিনায়ক, সিনিয়র খেলোয়াড় এবং কোচের মধ্যে সম্পর্ক সবসময় গুরুত্বপূর্ণ। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের কী ধরনের কোচ দরকার। আমি মটকে চেয়েছিলাম। সে দীর্ঘসময় ধরে কোচিংয়ে আছেন। অস্ট্রেলিয়া নারী দল যে সাফল্য পেয়েছেন, তার হাত ধরেই। একটি দলকে শক্তিশালী করতে পারে এবং প্রত্যাশার চাপ নিয়ন্ত্রণ করতে পারে, এমন একজন।’
‘খেলোয়াড়রা বেশিরভাগ কাজ করে, তবে কোচ দলকে এক সুতোয় গেঁথে রাখে। আমাদের উপর অনেক প্রত্যাশা রয়েছে। মট এটি পূরণে সাহায্য করতে পারে। তবে শেষপর্যন্ত খেলোয়াড়দেরই কাজটা করে দেখাতে হবে।’








