মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৪ জন। মঙ্গলবার সকালে শেরপুর সড়কে বাউরভাগ এলাকায় এবং হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছে আরও ৪ জন।
শেরপুর পুলিশ ফাঁড়ি ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে মৌলভীবাজার–শেরপুর সড়কে বাউরভাগ এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলে বাউরভাগ এলাকার মুজাহিদুল ইসলাম মারা যান।
এ ঘটনায় আহত পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতাল নেয়া হলে আলামিন নামের আরেক জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত দুই জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুই জনকে সিলেটে পাঠানো হয়েছে। এদিকে শেরপুর পুলিশ ফাঁড়ি দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও অটোরিকশা আটক করেছে।
এদিকে,ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার দৌলতপুর এলাকার বাগানবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন একই উপজেলার পুটিজুরি ইউনিয়নের মন্ডলকাপন গ্রামের আতিক উল্লাহর ছেলে আব্দুর রকিব ও একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আক্তার মিয়া। সিএনজি পাম্প থেকে তারা গাড়িতে গ্যাস নিতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।
পুলিশ জানায়, ভোর রাতে সিএনজি অটোরিকশা নিয়ে গাড়িতে গ্যাস নিতে পুটিজুরি বাজার থেকে মিরপুরে যাচ্ছিলেন দুই অটোরিকশা চালক। পথে অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিএনজি অটোরিকশাসহ লাশ দু’টি উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি কেএম মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।








