মোহাম্মদপুরে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দশ কিলোমিটার বিস্তীর্ণ এলাকায় পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত।
একই সঙ্গে দীর্ঘদিন অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দিনব্যাপী এ যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড এর ঢাকা মেট্রোর ৫নং বিপনন বিভাগ।
অভিযানে ঢাকার মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি, আরাম হাউজিং ও ফিউচার পার্ক এলাকার প্রায় দশ কিলোমিটার জুড়ে বিস্তৃত এলাকায় ১৫০০ ফুট অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় ৫০০০ অবৈধ ঘরোয়া ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বৃহস্পতিবার সকাল দশটা হতে এই অভিযান শুরু হয়।
অভিযান পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, অভিযান এলাকায় তিনটি স্পটে প্রায় পাঁচ হাজার ঘরবাড়ি, দোকানপাট, কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও গ্যাস সঞ্চালনের অবৈধ পাইপ, মালামাল জব্দ করা হয়।
এছাড়াও দীর্ঘদিন অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় এইচএন্ডসি বেকারি লিমিটেড নামের প্রতিষ্ঠানকে বাংলাদেশ গ্যাস আইন- ২০১০ অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে দুইমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অবৈধ গ্যাস লাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়েছে। জেলা প্রশাসক, ঢাকার নির্দেশে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাসের এ অভিযান ঢাকা শহরের সর্বত্র নিয়মিত পরিচালিত হবে বলে জানা গেছে।
ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এর যৌথ একটি দল এ ধরণের অভিযান পরিচালনা নিয়মিত পর্যবেক্ষণ ও মনিটরিং করে আসছে।





