জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে একাদশে তিন পরিবর্তন এনে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। মিরপুর টেস্টে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন আবু জায়েদ রাহি, নাজমুল হোসেন শান্ত ও নাজমুল ইসলাম অপু।
অভিষেক হচ্ছে মোহাম্মদ মিঠুন ও খালেদ আহমেদের।
সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সিলেটে সিরিজের প্রথম সফরকারীদের কাছে ১৫১ রানের হেরে সিরিজে পিছিয়ে (১-০) আছে বাংলাদেশ।
ব্যাটিং ব্যর্থতায় টেস্ট হারের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মন্থর উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ভরাডুবির মূলে ছিল উইকেটের সঙ্গে মানানসই শট খেলতে না পারা। সিরিজ হারের শঙ্কায় থাকা বাংলাদেশ শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে চায় উইকেটের আচরণ বুঝে।
বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ।







