ইনজুরির হাত থেকে বাঁচতে মোস্তাফিজকে এবার আইপিএলে খেলতে নিষেধ করেছেন মাশরাফি বিন মর্তুজা। ভারতীয় ম্যাগাজিন স্পোর্টসস্টারকে মোস্তাফিজ নিজেই এ কথা জানিয়েছেন।
কলম্বোয় বসে দেয়া সাক্ষাৎকারে ফিজ বলেন, ‘আইপিএল থেকে আমি অনেক কিছু শিখেছি। কিন্তু এখনো জানি না এবার খেলার অনুমতি পাবো কি না।’
ইনজুরির কারণে আন্তর্জাতিক ম্যাচে তাকে বেছে বেছে খেলাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ড সফরে সব ম্যাচ খেলেননি। ছিলেন না ভারতের বিপক্ষে টেস্টেও।
মোস্তাফিজ ওই ম্যাগাজিনকে বলেছেন বোর্ডের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার আশায় আছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চলমান সিরিজ শেষ হবে ৬ এপ্রিল। এরপর আয়ারল্যান্ডে তিন দেশের সিরিজের জন্য ক্যাম্প করবে বিসিবি। ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, নিশ্চিতভাবে আইপিএলের প্রথমদিকের কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না বাংলাদেশি পেসারকে। তবে তাকে শেষদিকে নেয়ার চেষ্টা করা হচ্ছে।
‘বেশি ম্যাচ খেলতে পারব কি না নিশ্চিত নই। গেলেও মে মাসের প্রথমদিকে ফিরে আসতে হবে।’ বলেন মোস্তাফিজ।
‘আমি এখনো আমার রিদম ফিরে পাইনি। তাই মাশরাফি ভাই বলেছেন আইপিএলে না খেলতে। আমি তার পরামর্শ গুরুত্বের সঙ্গে ভাবছি।’
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ নিয়েও কথা বলেন তিনি। ওই ম্যাচে মোস্তাফিজ ক্যারিয়ারের সবচেয়ে বাজে বল করেন।
‘আমি সেদিন ভালো করে ঘুমাতে পারিনি। মন ভালো ছিল না। ওয়ালশ কিছু পরামর্শ দিয়েছেন। সেগুলো অনুসরণ করার চেষ্টা করছি। আমাকে ফর্মে ফিরতে হবে।’










