তিন সপ্তাহ ধরে বাঁ-চোখের কর্নিয়ায় ভাইরাল ইনফেকশনে ভুগছেন মোসাদ্দেক হোসেন সৈকত। পুরোপুরি সেরে ওঠার কোনও লক্ষণ নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে এই অলরাউন্ডারকে। চোখের চিকিৎসক বলেছেন আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে। তাতেও পুরোপুরি সেরে না উঠলে সৈকতকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হতে পারে। বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরী জানালেন এমনটাই।
‘বিদেশে পাঠানোর ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। চোখের চিকিৎসক বলেছেন আরও কয়েকটা দিন দেখার জন্য। সময় লাগবেই, আপনি যে দেশেই নেন। তিন সপ্তাহ হয়ে গেছে। আর কয়েকটা দিন অপেক্ষা করব আমরা। ওর উন্নতি কিন্তু হচ্ছে। যদি দেখি খুব বেশি হচ্ছে না, তাতে হয়ত আমরা ওকে বিদেশে পাঠানোর চেষ্টা করব। সেক্ষেত্রে থাইল্যান্ডের নাম প্রস্তাব করব।’
দেবাশীস চোখের চিকিৎসকের সঙ্গে কথা বলে জেনেছেন এ ধরনের সমস্যায় কোনও কোনও ক্ষেত্রে ৬ মাসও লেগে যায়। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ও সেপ্টেম্বরে সাউথ আফ্রিকা সফরে সৈকতকে পাওয়া নিয়েও থাকবে শঙ্কা।
চোখের সমস্যার কারণে এ মাসের শুরুতে চট্টগ্রামে সাতদিনের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারেননি সৈকত। দল ঢাকায় ফিরলে অনুশীলনে যোগ দিয়েছিলেন। রোদ বা আলোতে তাকাতে সমস্যা হচ্ছিল। অতিমাত্রায় চোখ দিয়ে পানি পড়ায় পরে তো বিশ্রামেই কাটছে তার।
কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টে সাদা পোশাকে প্রথমবার নামেন মোসাদ্দেক। অভিষেক ইনিংসে ৭৫ রানের ঝলমলে একটি ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। তার আগে ১৮টি ওয়ানডে, ৬টি টি-টুয়েন্টি ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটে সক্ষমতার জানান দিয়েছেন ২১ বছরের এই তরুণ।








