ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। বাংলাদেশের হয়ে ৫টি ওয়ানডে খেলা ৩৭ বছর বয়সী এ বাঁহাতি স্পিনারের মস্তিষ্কে টিউমার ধরা পড়ে গত শুক্রবার। এমআরআই রিপোর্ট দেখে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন দ্রুত অস্ত্রোপচার করাতে।
বিষয়টি সংবাদমাধ্যমে আসে রোববার রাতে। সোমবার সকাল থেকেই রুবেলের সুস্থতা কামনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, জাতীয় দলের নবীন সদস্য মোহাম্মদ সাইফউদ্দিনরা। কেউ সাহস রাখতে বলছেন, কেউ দোয়া চাচ্ছেন অন্যদের কাছে।
মোশাররফের টিউমারটা আছে প্রাথমিক পর্যায়ে। সিঙ্গাপুরে চিকিৎসা নিতে ভিসাপ্রক্রিয়া শুরু করেছেন এ ক্রিকেটার। যতদ্রুত সম্ভব করাতে চান সার্জারি। এজন্য প্রয়োজন হবে ৩০ থেকে ৪০ লাখ টাকা। ক্রিকেটাররা তো আছেনই, রুবেলের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বয়স ৩৭ পেরিয়ে গেলেও ঘরোয়া ক্রিকেটে সরব উপস্থিতি রুবেলের। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলার কথা তার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০ উইকেট শিকারের খুব কাছে আছেন এ বাঁহাতি স্পিনার।









