ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে কবি ও মানবাধিকারকর্মী ভারাভারা রাওকে গ্রেপ্তার করেছে দেশটির মহারাষ্ট্রের পুলিশ।
মঙ্গলবার হায়দরাবাদে স্থানীয় পুলিশের সহায়তায় তার বাসায় অভিযান চালায় মহারাষ্ট্রের পুলিশ। এরপরই গ্রেপ্তার করা হয় কবি ও লেখক ভারভারা রাওকে। গ্রেপ্তারের পরই তার স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকারি গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভারভারাকে।
পুলিশ বলছে, ভীমা-কোরেগাঁওতে বিক্ষোভ ও সহিংসতার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগেই ভারভারা রাওকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত জুনে গত জানুয়ারিতে মহারাষ্ট্রের ভীমা-কোরাগাঁওতে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত জুন মাসে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওয়িস্ট)-এর পাঁচ সদস্যকে আটক করে পুলিশ। এর মধ্যে রোনা উইলসন নামে এক অভিযুক্তের দিল্লির বাসা থেকে একটি চিঠি উদ্ধার করা হয়, সেই চিঠি থেকেই মোদিকে হত্যার পরিকল্পনার বিষয়টি জানতে পারে পুনে পুলিশ।
চিঠিতে বলা হয়, রাজীব গান্ধীর মতোই একটি মাওবাদী সংগঠন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যা করবে। এই কাজ বাস্তবায়িত করতে এম-৪ রাইফেল ও চার লাখ গুলি কেনার জন্য ৮ কোটি রুপির প্রয়োজন বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়। মাওবাদীদের পক্ষ থেকে ওই হুমকি বার্তা আসার পরই সেসময় দেশটির একাধিক জায়গায় অভিযান চালানো হয়।







