পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে ব্যবহার হওয়া মোটর সাইকেলটির সাবেক এক মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ।
পুলিশ কমিশনার ইকবাল বাহার জানান, মোটর সাইকেলের এক মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, বিস্তারিত উল্লেখ না করে তিনি বলেন, পরবর্তীতে এ বিষয়ে জানানো হবে।
‘সবার জানার আগ্রহ আছে। কিন্তু সব কিছু সব সময় বলা যায় না, একটা পর্যায় পর্যন্ত বলা যাবে,’ বলে মন্তব্য করেন তিনি।
পুলিশ কর্মকর্তারা জানান, মোটর বাইকটি আগে একাধিকবার বিক্রি হয়েছে। বিভিন্ন হাত ঘুরে মোটর সাইকেলটি শেষ পর্যন্ত ওই খুনিদের হাতে পৌঁছায়।
সোমবার ভোররাতে হত্যাকাণ্ডে ব্যবহার হওয়া মোটর সাইকেলটি জব্দ করে গোয়েন্দা পুলিশ।
রোববার সকালে চট্টগ্রামের জিইসি সংলগ্ন এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দেওয়ার সময় মোটর সাইকেল আরোহী তিন দুর্বৃত্তের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।








