মেয়ের বিয়েতে কাকে কাকে ডাকা হবে সেই অতিথিদের তালিকা করতে দেওয়া হয়েছিলো মাকে। কিছুদিন পরই বিয়ে মেয়ে অ্যালেনের। বিশেষ দিনটিতে মা এমন একজনকে দাওয়াত দিয়ে বসলেন যাদের নাম শুনে বিষ্মিত স্বয়ং কনেও।
এই ঘটনা ঘটেছে টেক্সাসের কনে ব্রুক অ্যালেনের ক্ষেত্রে। অ্যালেনের মা লিজ হোয়াইটলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা দম্পতিকে অ্যালেনের বিয়ের দাওয়াত পাঠিয়ে দেন।
গত মার্চে অনুষ্ঠিত এই বিয়ের দাওয়াত গত বছরের ডিসেম্বরেই পাঠিয়ে দেন লিজ। তবে মজার ব্যাপার হলো সেই দাওয়াতের জবাবও পান অ্যালেন।
অবশ্য ওবামা দম্পতিকে দাওয়াত দেওয়ার কথা কনে অ্যালেন জানতেনই না। সম্প্রতি যখন অ্যালেনের মা লিজ হোয়াইটলো তাকে আরো একটি চিঠির কথা জানান যেটা ওবামা দম্পতি তার মেয়েকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, তখন রীতিমতো চমকে যান তিনি। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে চিঠির জবাব দিয়েছেন ওবামা যুগল।
ফিরতি চিঠিতে তারা লিখেছেন, আশা করছি বিয়েটা খুবই ভালোবাসা-আনন্দ ও খুশির মধ্যে দিয়ে হয়েছে। আর আশা করছি আপনাদের সম্পর্ক প্রতিটি বছরে আরো বেশি শক্তিশালী হবে।
চিঠিতে আরো লেখা হয়, এই আয়োজনের মধ্যে একটি সারাজীবনের সম্পর্কের শুরু হয়। আশা করি সামনের অপেক্ষমান জীবন আনন্দ ও খুশিতে ভরে উঠুক।
টুইটারে ফিরতি চিঠির ছবিটি শেয়ার করে অ্যালেন লিখেছেন, আমি চিৎকার করছি। মায়ের টুইটও শেয়ার করেন অ্যালেন। মা লিজ লিখেছেন, আমি কিন্তু ট্রাম্পকে কোনো চিঠি পাঠায়নি।
এরপরই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে অ্যালেনের টুইট। তবে অ্যালেন অবশ্য মজা করে বলেন, এতটা ছড়াবে জানলে ক্যাপশনে অন্য কিছু লিখতাম। সবাই নিশ্চয়ই আমাকে বোকা ভাবছে।










