সদ্যজাত মেয়ের সঙ্গে ভক্ত ও অনুসারীদের পরিচয় করিয়ে দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরের দিকে নিজের ফেসবুক পেজে স্বামী ও মেয়েসহ ছবি প্রকাশ করেন তিনি।
সদ্যভূমিষ্ট টিউলিপের মেয়ের নাম রাখা হয়েছে আজালিয়া জয় পার্সি।
ফেসবুকের ছবিতে দেখা যায় স্বামী ক্রিস পার্সি, মেয়ে আজালিয়া জয় পার্সির সঙ্গে টিউলিপ সিদ্দিককে। পোস্টে তিনি লেখেন মেয়ে হওয়ার খবরে যারা শুভকামনা জানিয়েছেন, তাদের ধন্যবাদ। এখন পরিচিত হন আজালিয়া জয় পার্সির সঙ্গে!
লন্ডনের রয়্যাল ফ্রি এনএইচএস হাসপাতালে মেয়ের মা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের এই মেয়ে। শফিক সিদ্দিক ও শেখ রেহানার তিন সন্তানের মধ্যে বড় মেয়ে ও দ্বিতীয় সন্তান টিউলিপ সিদ্দিক।
গত মে মাসে অনুষ্ঠিত যুক্তরাজ্য পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি থেকে নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে জয়ী হন বঙ্গবন্ধুর দৌহিত্র টিউলিপ।







