মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় সিরাজগঞ্জের তাড়াশে বুধবার দুপুরে মা খুশি বেগমকে (৪৫) পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত হানেফ আলীর বোন মর্জিনা ও স্ত্রী নিরালাকে আটক করেছে পুলিশ।
নিহত খুশি বেগম (৪৫) এই উপজেলার ভাটরা গ্রামের কামরুল ইসলামের স্ত্রী। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানায়। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।
তাড়াশ থানার ওসি এটিএম আমিনুল ইসলাম জানান, ভাটরা গ্রামের প্রবাসী ফেরত হানেফ আলী দেশে ফেরার পর থেকেই একই গ্রামের কামরুল ইসলামের মেয়েকে উত্যাক্ত করে আসছিল। এ নিয়ে বেশ কয়েকদিন হানেফ আলীকে সতর্কও করা হয়। এরই জের ধরে বুধবার দুপুরে কামরুলের স্ত্রী খুশী বেগমের সাথে হানেফ আলীর স্ত্রী নিরালা বেগমের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে নিরালা বেগম ও হানেফ আলী মিলে খুশী বেগমকে পিটিয়ে হত্যা করে।







