কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
দুর্নীতি দমন কমিশন-দুদকের করা মামলায় বিচারিক আদালত থেকে সাক্কুকে দেয়া অব্যাহতির আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
সাক্কুকে অব্যাহতির আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। আগামী ৪ সপ্তাহের মধ্যে সাক্কুসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়।
তবে আত্মসমর্পণ করে সাক্কু জামিন চাইলে তা বিচারিক আদালতকে বিবেচনা করতে বলেছেন হাইকোর্ট। আজ আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা ওই মামলায় বিচারিক আদালত ২০১৭ সালের ২১ নভেম্বর সাক্কুকে অব্যাহতি দেন। সে আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে আবেদন করে।







