বার্সার হয়ে আর কী জেতার বাকি আছে লিওনেল মেসির? কাতালানদের হয়ে ১১ মৌসুমে ২৯টি শিরোপা ও পাঁচটি ফিফা ব্যালন ডি’অর বলছে বার্সার হয়ে আর কিছু জেতার বাকি নেই মেসির। সেই সুযোগটাই মেসিকে নিতে বলছেন মিনো রাইওলা। ফুটবলে নিজের চ্যালেঞ্চটা নতুন করে নিতে আর্জেন্টাইন তারকাকে বার্সা ছাড়ার পরামর্শ দিয়েছেন ফুটবল বিশ্বে ‘সুপার এজেন্ট’ খ্যাত রাইওলা।
নেইমারের পিএসজিতে চলে যাওয়া, মনমতো ফুটবলারদের সতীর্থ হিসেবে দলে না পাওয়ায় ক্লাবের প্রতি মেসির অসন্তুষ্টির খবরে গরম স্প্যানিশ ফুটবল। পাঁচ বছরের নতুন চুক্তিতে এখন পর্যন্ত স্বাক্ষর না করায় ধারণা করা হচ্ছে বার্সা ছাড়তে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা।
সেই সুযোগেই মেসিকে ছোট্ট করে একটি দামি পরামর্শ দিয়েছেন পল পগবা, মার্কো ভেরাত্তিদের দলবদলের হোতা রাইওলা। যেহেতু বার্সার হয়ে জেতার মত আর কিছু বাকি নেই, তাই মেসিকে বাকি ফুটবল লিগগুলো ঘুরে দেখার পরামর্শ এই সুপার এজেন্টের। এতে মেসি কত বড় ফুটবলার সেটাও নাকি প্রমাণ হয়ে যাবে।
‘মেসির মত একজন ফুটবলারের অবশ্যই অন্য ফুটবল লিগগুলোতেও খেলা উচিত। এতে তার নিজের যোগ্যতা প্রমাণ হয়ে যাবে।’ -রাইওলার বক্তব্য এমনটাই। আর মেসি চলে গেলে বার্সার কী হবে এমন প্রশ্নে তিনি বলছেন, ‘বার্সা বড় দল। ওরা ঠিকই একটু সময় নিয়ে সুসংগঠিত হয়ে যাবে।’
তবে যে ক্লাবের সঙ্গে জড়িয়ে শোনা যাচ্ছে মেসির দলবদলের গুঞ্জন, সেই ম্যানসিটি উড়িয়ে দিচ্ছে আর্জেন্টাইন অধিনায়ককে পাওয়ার আশা। ৩০০ মিলিয়ন ইউরো খরচ করে মেসিকে পাওয়ার আশাকে দূর আকাশের তারা মনে করছেন সিটিজেনদের ফুটবল পরিচালক টিক্কি বেগিরিস্টান, ‘কীভাবে সম্ভব! মেসিকে পাওয়ার আশা মিশন ইম্পসিবল। সে কখনোই বার্সা ছাড়বে না।’









