লিওনেল মেসি স্থায়ীভাবে জাতীয় দলকে বিদায় বললে সেটি খুব স্বাভাবিক ব্যাপার হবে বলে মনে করেন কার্লোস তেভেজ।
আর্জেন্টিনার অধিনায়ক মেসি এই মৌসুমে আর জাতীয় দলের হয়ে মাঠে নামবেন না। দেশটির মিডিয়া বলছে, মেসি দলকে অস্থায়ীভাবে বিদায় বলেছেন। কবে ফিরবেন সেটি নিশ্চিত নয়।
‘মেসি অবসরে গেলে আমি মোটেও অবাক হবো না,’ মন্তব্য করে তেভেজ বলেন, ‘সে বুঝেশুনেই বিদায় বলবে। যখন আপনি শুধু দিয়ে যাবেন, পরিণামে সমালোচনা শুনবেন, তখন এমনই করা উচিত।’
আর্জেন্টিনার পত্রিকা ক্লারিন’র খবর অনুযায়ী, মেসি বর্তমান কোচকে সরাসরি বলেছেন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রীতি ম্যাচগুলোতে খেলবেন না। তাছাড়া কখন ফিরবেন কিংবা ২০১৯ কোপা আমেরিকায়ও দেশের হয়ে খেলবে কিনা সে ব্যাপারে নিশ্চয়তা দেননি।
গত মাসে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট (এফএ) ক্লদিও তাপিয়া বলেন, মেসিকে তাদের দরকার। বিশেষ করে ফেডারেশনের অর্থনৈতিক কারণের জন্য।








