জীবনের সবচেয়ে রঙিন সময়টা পার করছেন লিওনেল মেসি। বান্ধবী রোকুজ্জোর সঙ্গে বিয়েটা সেরে ফেলেছেন, ক্লাব বার্সেলোনার সঙ্গে ঝুলে থাকা চুক্তিটাও ৪ বছরের জন্য সারা হয়ে গেছে। কিন্তু বার্সার সঙ্গে ক্ষুদে জাদুকরের চুক্তিমূল্য কত সেটা এখনো জানা যায়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমগুলোর গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হতে যাচ্ছেন পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার।
নতুন চুক্তিতে নাকি মেসিকে সাপ্তাহিক ৫ লাখ পাউন্ড বেতন দিতে যাচ্ছে বার্সা! এই বেতন হবে কর এবং আনুষঙ্গিক খরচ বাদ দিয়েই। সারা বিশ্বে কেবল মাত্র দুজন ফুটবলার আছেন যাদের সাপ্তাহিক পারিশ্রমিক মেসির কাছাকাছি। আর্জেন্টাইন অধিনায়কের সতীর্থ এজ্জেকুয়েল লাভেজ্জি এবং সাবেক বন্ধু কার্লোস তেভেজ। দুজনেই খেলেন চাইনিজ লিগে।
বাৎসরিক আয়ে বারবার যার পেছনে পড়েছেন ক্ষুদে জাদুকর, সেই ক্রিস্টিয়ানো রোনালদোর বেতন এখন মেসির চেয়ে অনেক কম হতে যাচ্ছে বলে জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যম। সঙ্গে ক্লাব রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জনের ডালপালা বিস্তৃত হওয়ায় আয় কমে যেতে পারে সিআর সেভেনের।
মেসির বেতনের পাশাপাশি পাখা মেলছে বিতর্কও। স্প্যানিশ লিগে এত টাকার ছড়াছড়িতে লিগের আর্থিক কাঠামো নষ্ট হয়ে যাবে কি না সেটা নিয়ে আছে প্রশ্ন। তবে বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তেমেউ জানাচ্ছেন তারা যা করেছেন সব নিয়মের মধ্যেই করেছেন, ‘লা লিগা এবং উয়েফার অনুমোদিত বেতন কাঠামোর মধ্যে থেকেই এটা ঠিক করা হয়েছে। আমরা হয়তো কাঠামোর বাইরে একটু বেশিই খরচ করছি। তবে আমরা এটা বহন করতে পারবো।’







