জি-২০ সম্মেলন শেষে বেশ উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? চারদিনের সফর শেষে দেশে ফেরা ট্রাম্পের এক প্রশংসনীয় আচরণ তেমনই আভাস দেয়। কয়েকদিন আগেই মার্কিন গণমাধ্যম সিএনএন’কে পেটানোর ভিডিও টুইট করে সমালোচিত হয়েছিলেন ট্রাম্প, তাদের মধ্যে দন্দ্বও প্রকাশ্য। সেই সিএনএনও ট্রাম্পের প্রশংসা না করে পারেনি।
পোল্যান্ড ও জার্মানিতে চার দিনের সফর শেষে শনিবার মেরিল্যান্ডের এ্যান্ড্রিউজ এয়ার বেজ-এ পৌঁছান ট্রাম্প। জার্মানির হামবুর্গে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির ২০ দেশের সম্মেলনে যোগ দেন তিনি।

ভিডিওতে দেখা যায়, একজন সামরিক কর্মকর্তার সাথে কথা বলতে বলতে মেরিন ওয়ান হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প।

প্রফুল্ল ট্রাম্পকে তখন সবার উদ্দেশ্যে হাততালি দিতেও দেখা যায়। তখন মেরিন ওয়ান গার্ডের পড়ে থাকা টুপি লক্ষ্য করেন তিনি, ঝুঁকে পড়ে টুপিটি তুলে পরিয়েও দেন। মেরিন সদস্যটির বাহুতে চাপড়ে দেন ট্রাম্প।

কিন্তু প্রবল বাতাসে আবারও উড়ে যায় টুপি। দ্বিতীয়বার টুপির পিছে ধাওয়া করেন ট্রাম্প। এসময় ট্রাম্পের সাথে আসা সেই সামরিক কর্মকর্তাও উদ্যোগী হন। ট্রাম্প তখন টুপিটি তুলে সেই কর্মকর্তার হাতেই দেন। আবারও চাপড়ে দেন সেই গার্ডের হাত। উঠে যান হেলিকপ্টারে।









