মেঘ-বৃষ্টির খেলা শেষে ইংল্যান্ডের বিপক্ষে সেরা ওপেনিং পার্টনারশিপ গড়ে আউট হয়েছেন ইমরুল কায়েস ও তামিম ইকবাল। দুজনে মিলে ৮০ রানের পার্টনারশিপ গড়ে ফেরেন ইমরুল। ইংলিশদের বিপক্ষে ওপেনিংয়ে আগের সেরা স্কোরটিও ছিল এই দুই ওপেনারের। ২০১১ সালে এই চট্টগ্রামেই ৫২ রান তুলেছিলেন তারা।আউট হওয়ার আগে ৫৮ বলে একটি ছক্কা ও চারটি বাউন্ডারিতে ইমরুল খেলেন ৪৬ রানের ইনিংস।
ওপেনিং পার্টনারশিপের রেকর্ডের দিনে নতুন মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০০ রান করেছেন চট্টগ্রামের এই ছেলে। পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করায় তামিমকে অভিনন্দন জানিয়েছে আইসিসি। পরে অবশ্য ৫ রানের জন্য হাফসেঞ্চুরি করতে পারেননি তামিম। আউট হয়েছেন ৪৫ রান করে।
এর আগে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংলিশ
অধিনায়ক জস বাটলার। আগের ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিল সফরকারীরা।
এই
ম্যাচে অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। তবে স্বাগতিক দলে
পরিবর্তন না থাকলেও ইংলিশদের দুটি পরিবর্তন রয়েছে। ওপেনার জেসন রয়ের
ইনজুরির কারণে দলে ডাক পেয়েছেন স্যাম বিলিংস। আর পেসার ডেভিড উইলির
জায়গায় নেয়া হয়েছে লিয়াম প্লাংকেটকে।
বাটলার জানিয়েছেন ফিল্ডিং
নেয়ার সিন্ধান্তের পেছনে কাজ করেছে আবহাওয়া। আর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি
বিন মর্তুজা বলেছেন, এই পিচে দলের স্পিনারদের দিয়ে সুবিধে নিতে চান।
এর আগে ৭ অক্টোবর মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে আশা জাগিয়েও টাইগাররা হার
দেখে ২১ রানে; ফিরতি ম্যাচে ওই একই মাঠে (৯ অক্টোবর) ইংলিশদের বিরুদ্ধে ৩৪
রানের জয় তুলে নেয় মাশরাফি বাহিনী। এক হার এবং এক জয়ে চট্টগ্রামের জহুর
আহমেদ চৌধুরী স্টেডিয়ামের শেষ ওয়ানডেটি দু’দলের জন্য অলিখিত ফাইনালে পরিণত
হয়।







