মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে তহবিল ব্যবহারের অনুমোদন পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়েছে, মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে দেয়ালের একটি অংশ নির্মাণের জন্য ট্রাম্প পেন্টাগনের তহবিল থেকে আড়াইশ’ কোটি মার্কিন ডলার ব্যবহার করতে পারবেন।
এই রায়ের ফলে তহবিলের অনুমোদিত অর্থ ক্যালিফোর্নিয়া, আরিজোনা এবং নিউ মেক্সিকোতে সীমানা প্রাচীর নির্মাণ প্রকল্পে ব্যবহার করা যাবে।
এর আগে সীমান্ত প্রাচীর নির্মাণের পেছনে সরকারি তহবিলের অর্থ ব্যয় নিষিদ্ধ করে রায় দিয়েছিলেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক ফেডারেল বিচারক।
শুক্রবার স্থানীয় সময় রাতে সুপ্রিম কোর্টের ৪ বিচারপতির বিপরীতে অন্য ৫ বিচারপতি ট্রাম্পকে পেন্টাগনের তহবিল ব্যবহারের অনুমতি দেয়ার পক্ষে ভোট দেন। ফলে হাইকোর্টের নেয়া নতুন সিদ্ধান্তে ক্যালিফোর্নিয়ার আদালতের ওই রায় বাতিল হয়ে গেল।
সুপ্রিম কোর্টের রায়ের পর এক টুইটে একে ‘বড় জয়’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
Wow! Big VICTORY on the Wall. The United States Supreme Court overturns lower court injunction, allows Southern Border Wall to proceed. Big WIN for Border Security and the Rule of Law!
— Donald J. Trump (@realDonaldTrump) July 26, 2019
চলতি বছর জাতীয় নিরাপত্তার স্বার্থে মেক্সিকোর সঙ্গে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ৬৭০ কোটি মার্কিন ডলার চেয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ফেব্রুয়ারিতে টেক্সাসের রিও গ্রান্দে উপত্যকায় দেয়াল তোলার জন্য ১৩৮ কোটি মার্কিন ডলার অনুমোদনও করে কংগ্রেস।
কিন্তু ওই সময় ক্যালিফোর্নিয়ার আদালত বরাদ্দটি আটকে দিয়েছিলেন। আদালতের যুক্তি ছিল, কংগ্রেস নির্দিষ্টভাবে দেয়াল তোলার জন্য তহবিল ব্যবহারের অনুমোদন দেয়নি।
সুপ্রিম কোর্টের এই রায়ের তীব্র বিরোধিতা করছেন ডেমোক্র্যাটরা। আরও তহবিল অনুমোদন ঠেকাতে আইনি পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন কংগ্রেসের প্রতিনিধিরা।
মেক্সিকোর সঙ্গে মার্কিন সীমান্তে সীমান্তে বিশাল প্রাচীর নির্মাণ ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণার সময়কার একটি প্রতিশ্রুতি ছিল। নির্বাচনে জয় পাওয়ার পর থেকেই দেশের নিরাপত্তা এবং অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণের উপায় হিসেবে এই দেয়াল নির্মাণে প্রয়োজনীয় অর্থের অনুমোদন পাওয়ার চেষ্টায় ছিলেন তিনি।








