জটিল রোগে আক্রান্ত বাংলাদেশি তিন রোগীকে মানবিক সহায়তায় ঢাকা-মুম্বাই আসা যাওয়া ফ্রি টিকিটের ব্যবস্থা করেছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। শুধু তাই নয়, তাদের সঙ্গে থাকা পরিবারের অন্য সদস্যদের জন্যও বিনা খরচে ভ্রমণের ব্যবস্থা করেছে বিমান সংস্থাটি।
ভারতের নিউরো সার্জন অলোক শর্মার তত্ত্বাবধানে ২৪ বছর বয়সী আব্দুস, রাহিনুল (১৪) এবং সোহরাব (৮) এর চিকিৎসা করা হবে। এ নিউরো সার্জনের কাছে থেকে আবেদন পেয়ে এয়ার ইন্ডিয়ার সিএমডি অশ্বিনী লোহানী টিকিটের ব্যবস্থা করে দেন।
ওই তিন রোগী জন্মের পর থেকেই পেশী অপুষ্টি জনিত এক ধরণের রোগে আক্রান্ত। বংশগত এ রোগটি দিন দিন পেশীকে সংকুচিত করে দেয়।
চলতি বছরের শুরুতে মেহেরপুরের সবজি ব্যবসায়ী তোফাজ্জাল হোসেন তার দুই পুত্র আব্দুস, রাহিনুল এবং নাতী সোহরাবের চিকিৎসা খরচ চালাতে না পেরে তাদেরকে মেরে ফেলতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে আবেদন করেন।
এ বিষয়টি দেশে-বিদেশে আলোচনার জন্ম দেয়। খবর পেয়ে মুম্বাই ভিত্তিক সংগঠন ‘মেডিটোরজ’ নিউরোজন ইনস্টিটিউটে তাদের চিকিৎসার উদ্যোগ নেন।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতি বলেছে, সোমবার সন্ধ্যায় কলকাতা-মুম্বাই একটি ফ্লাইটে তিনজন রোগী এবং তাদের তিন সহযোগীকে সম্পূর্ণ বিনা খরচে মুম্বাই নিয়ে যাবে।
এমন উদ্যোগের পর আলোক শর্মা বলেন, আমরা এয়ার ইন্ডিয়ার এমন মানবিক সহায়তায় তিনজন বাংলাদেশি রোগীসহ তাদের পরিবারের সদস্যদের বিমানের ফিরতি টিকিটসহ নিউরোজন ইনস্টিটিউটে এনে প্রাথমিক চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ।







