মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এলেন ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জন। সম্প্রতি একটি বিরল এবং প্রাণনাশক ব্যাকটেরিয়া বাসা বেঁধেছিল তার শরীরে। দুই রাত হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণেও ছিলেন তিনি। সব মিলিয়ে মোট ১২ দিন হাসপাতালে কাটাতে হয়েছে এই জনপ্রিয় শিল্পীকে।
সত্তর বছর বয়সী এলটন জন চিলির সান্টিয়াগোর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে ইউকে ফিরে যাওয়ার পথে উড়োজাহাজেই অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
সম্প্রতি হাসপাতালে থেকে বাড়ি ফিরেছেন তিনি। ডাক্তারের পরামর্শে এখন বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন এলটন জন। যত্নের সাথে চিকিৎসা করে সুস্থ করে তোলার জন্য পুরো মেডিকেল টিমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিল্পী।
অসুস্থতার কারণে তার সিজারস প্যালেসের ‘মিলিয়ন ডলার পিয়ানো’ এবং ক্যালিফোর্নিয়ার বেকার্স ফিল্ডের ৬ মে’র কনসার্ট স্থগিত করা হয়েছে। তাই তার অনেক ভক্তই হতাশ।
বিবৃতিতে তিনি বলেন, ‘এমন অসাধারণ ভক্তদের পেয়ে আমি অনেক সৌভাগ্যবান। ভক্তদেরকে হতাশ করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।’
তবে তিনি আশা করছেন পুরোপুরি সুস্থ হয়ে ৩ জুনের টুইকেনহামের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
এর আগেও অসুস্থতার কারণে ১৫ ডিসেম্বর দুবাইয়ের অটিজম রক অ্যারেনা কনসার্ট স্থগিত করেছিলেন তিনি। পরে তার ডাক্তার ফ্লু শনাক্ত করার পর কনসার্টটি করার সিদ্ধান্ত নিয়েছিলেন এলটন জন। মিরর







