জিতলেই সেমিফাইনাল। হারলে বিদায়। এমন সমীকরণ মাথায় রেখে সুপার টেনের ম্যাচে মোহালিতে আজ মুখোমুখি হচ্ছে ক্রিকেটের দুই ‘দৈত্য’ ভারত ও অস্ট্রেলিয়া। যেটাকে বলা হচ্ছে ‘গ্রুপ অব ডেথ’, মৃত্যুকূপের শেষ রােমাঞ্চকর ম্যাচ ।
কাগজ-কলমে এ ম্যাচ টি২০ বিশ্বকাপের ‘অলিখিত কোয়ার্টার ফাইনাল’। সুপার টেনে ‘গ্রুপ টু’ থেকে তিন জয় তুলে নিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচে তিন হার নিয়ে টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়েছে বাংলাদেশ। চার ম্যাচে এক জয় পেলেও একই পথ অনুসরণ করেছে পাকিস্তান।
সেখানে তিন ম্যাচে দুই জয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় অস্ট্রেলিয়া। সমানসংখ্যক ম্যাচ থেকে অসিদের সমানসংখ্যক জয় তুলে নেয়া ভারতের সংগ্রহও ৪ পয়েন্ট। ধোনির দলের (-০.৫৪৬) থেকে নিট রান রেটে এগিয়ে টেবিলে দ্বিতীয় স্টিভেন স্মিথের দল (+০.৪৪০)।
মোহালিতে আজ স্বাগতিকরা জিতলে অসিদের রান রেটে এগিয়ে থাকা কোনো কাজে আসবে না। তখন ৬ পয়েন্ট নিয়ে সেমি নিশ্চিত করবে ভারত। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও সমীকরণটা একই রকম জিতলে ৬ পয়েন্ট নিয়ে সেমিতে উঠে যাবে স্টিভেন স্মিথের দল।
টেস্ট, ওয়ানডে কিংবা টি২০ ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হওয়া মানেই তা বাড়তি রসদ থাকবেই। সঙ্গে থাকবে উত্তেজনা ও পেশাদারিত্বের ঝাঁঝালো মেজাজ।
ব্যাঙ্গালুরুতে বাংলাদেশের বিপক্ষে ভারতের ওই ১ রানের অবিশ্বাস্য জয় টুর্নামেন্টে তাদের টিকিয়েই রাখেনি শুধু, গ্রুপটাকেও জমিয়ে রেখেছিল। পরের দিন এ মোহালিতেই পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয় অঙ্কের সব হিসাব উড়িয়ে দিয়েছে। পাকিস্তান জিতলে রান রেটের এক ব্যাপার-স্যাপার আজকের ম্যাচে চলে আসত। হেরে পাকিস্তান বিদায় নেওয়ায়, সমীকরণটা আরও সহজ হয়ে গেছে। আজ যারাই জিতবে, তারাই সেমিতে উঠবে। সম্ভাব্য প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
মোহালির মাঠটা অনেক বড়। অস্ট্রেলিয়া এখানে আগের ম্যাচটা খেলেছে। কয়েকদিন ধরেই তারা এখানে রয়েছে। সে তুলনায় এবং বিশ্বকাপের হাইপ বিবেচনায় ভারতের জন্যই বরং উইকেট-কন্ডিশন এখানে নতুন-নতুন মনে হবে। তারা যে এই মাঠে আজই প্রথম নামছে!
তার পরও, স্বাগতিকদের পক্ষে থাকবে ঘরের দর্শক। এটা একটা বাড়তি শক্তি তো অবশ্যই দেবে। তা ছাড়া ঘরের মাঠে ভারত বরাবরই রণহুঙ্কার দিয়ে নামে। অসিদের সেটা অজানা নয়। তার পরও দলটার নাম অস্ট্রেলিয়া বলেই এসব পরিস্থিতি সামলাতে তারা ওস্তাদ বলেই এই ম্যাচ নিয়ে আগাম কোনো মন্তব্য করা যাচ্ছে না।
সাম্প্রতিক মুখোমুখি লড়াইতে অনেক এগিয়ে ভারত। সর্বশেষ পাঁচবারে মুখোমুখিতে সবকটিতেই জিতেছে ধোনির দল। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ভারত। তবে অন্যদল গুলোর সাথে খেলা সর্বশেষ পাঁচ ম্যাচে চারটি করে জিতেছে উভয় দল।
এই ম্যাচেও ভারতীয় দলে কোনো পরিবর্তন নেই। পরিবর্তনের সম্ভাবনা কম অস্ট্রেলিয়া দলেও। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগে এখনো কোনো বৃষ্টি বা ঝড়ের আভাস নেই। তবে
প্রচন্ড গরম থাকতে পারে। ওয়েদার ডটকমের সূত্রানুযায়ী মোহালিতে আজ
তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রির বেশি।
সম্ভাব্য ভারতীয় একাদশ: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, যুবরাজ সিং, বিরাট কোহলি, আশিস নেহরা, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, এবং জাসপ্রিত বুমরাহ।
সম্ভাব্য অস্ট্রেলিয়া একাদশ: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যারন ফ্রিঞ্চ, উসমান খাজা, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল, শেন ওয়াটসন, কাটলার নেইল, জেমস ফকনার ও জস হ্যাজেলউড।






