আইপিএল শেষে মুস্তাফিজ দেশে ফিরলে গ্রামের বাড়িতে গণসংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত সাতক্ষীরাবাসী। আগামী ২ জুন ঢাকায় ফিরবেন মুস্তাফিজ, পরদিন যাবেন সাতক্ষীরায়। এলাকার বিশ্বজয়ী ছেলে ফিরছে, তাই উৎসবমুখর নানা আয়োজন নিয়ে অপেক্ষা করছে এলাকাবাসী।
মুস্তাফিজের ভাই মোকলেছুর রহমান পল্টু চ্যানেল আই অনলাইনকে বলেন, কলারোয়া ক্রিকেট একাডেমির পক্ষ থেকে কলারোয়া (জিকেএমকে পাইলট হাইস্কুল) ফুটবল মাঠে মুস্তাফিজকে সংবর্ধনার আয়োজন করা হচ্ছে। গতকাল একাডেমির মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। তবে অনুষ্ঠানে যাওয়া না যাওয়া সব কিছু নির্ভর করছে মুস্তাফিজের উপর।
বাংলাদেশী কাটার মাস্টার মুস্তাফিজের বোলিংয়ের বৈচিত্র্য বুঝতে না পেরে বোকা হচ্ছেন বিশ্ব ক্রিকেটের তারকারা। তিনি এখন টক অব দ্য ক্রিকেট। তার জাদুকরী বোলিং দিয়ে নিজেকেই প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন তিনি। হয়ে উঠছেন সেরাদের সেরা। সেই সঙ্গে সারা বিশ্বের ক্রিকেট বিশ্লেষনের উপলক্ষও হয়ে উঠেছেন মুস্তাফিজ।
এরই ধারাবাহিকতায় আইপিএল শেষে দেশে ফিরলে বিমানবন্দরে মুস্তাফিজকে বীরোচিত লাল গালিচা সংবর্ধনা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রালয়। গত মাসেই সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও বর্তমান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রাষ্ট্রীয় বিজ্ঞাপনে মুস্তাফিজের ছবিকে কাজে লাগান, যা দারুণ প্রশংসিত হয়।
এর আগে রাজধানীর আগাঁরগাওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক সভায় মুস্তাফিজুর রহমানের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জাতীয় বীর বলে আখ্যায়িত করেন।
প্রধানমন্ত্রী জানান, মুস্তাফিজ জাতীয় বীর, সে দেশের গর্ব। সে বাংলাদেশের সম্পদ। দেশকে অনেক উঁচুতে নিয়ে গেছে সে। মুস্তাফিজ বিশ্বে নাম্বার ওয়ান। তার সফলতার জন্য দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই।










