যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের করা বক্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে দেশটির রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক ও অন্যান্য ধর্মের প্রতিনিধিরা।
ট্রাম্পের ওই বক্তব্যকে তিরস্কারযোগ্য, ক্ষতিকর ও উস্কানিমূলক’ আখ্যায়িত করে বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন।
পেন্টাগন জানিয়েছে ট্রাম্পের বক্তব্য যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও জাতীয় নিরাপত্তার স্বার্থের পরিপন্থী।
এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মুসলমানদের সংগঠন ট্রাম্পের বক্তব্যকে ‘নাৎসিবাদের’ সঙ্গে তুলনা করেছে।
এর আগে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের উপর ‘পূর্ণ’ নিষেধাজ্ঞা আরোপের দাবী জানান।
ক্যালিফোর্নিয়ায় এক বন্দুকধারী দম্পতির প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে তিনি এই আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘জরিপে দেখা যাচ্ছে, আমেরিকানদের প্রতি মুসলমানদের ‘ঘৃণা’ পুরো জাতিকেই ঝুঁকিতে ফেলে দিতে পারে। তাই যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিনিধিরা নির্ণয় করতে না পারেন যে আসলে কি ঘটছে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের জন্য সীমান্ত বন্ধ করে রাখা উচিত।’






