বাংলাদেশ প্রিমিয়ার লিগে রোববারের একমাত্র ম্যাচে মুশফিকের বরিশাল বুলসকে জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্য দিয়েছে মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাহমুদউল্লাহ রিয়াদ ও রিকি ওয়েসেলসের অসাধারণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান করে খুলনা টাইটান্স।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দেখে শুনে খেলতে থাকে খুলনা। তবে দলের বিপদটা আসে তাইজুল ইসলাম বোলিংয়ে আসার পর। তাইজুলের করা পঞ্চম ওভারের তৃতীয় বলে দলীয় ২২ রানের মাথায় আবু হায়দার রনিকে ক্যাচ দিয়ে ফ্লেচার (৪) ফিরে গেলে চাপের মুখে পড়ে খুলনা। একই ওভারের পঞ্চম বলে একই ফিল্ডারকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন হাসানুজ্জামান (১৯)।
শুরুতেই দুই উইকেট হারানোর পর দলের হাল ধরে মাহমুদউল্লাহ ও ওয়েসেলস। এই দুজনের ব্যাটে ঘুরে দাঁড়ায় খুলনা। মাহমুদউল্লাহ ও রিকি মাত্র ৩৭ বলে ৫৩ রান যোগ করে দলের রানের তোলার গতি সচল রাখেন।
দলীয় ৭৭ রানের মাহমুদউল্লাহ ২৬ বলে দুটি চার ও তিনটি ছয়ে ৪৪ রান করে তাইজুলের বলে আউট হন। মাহমুদউল্লাহর আউটের এক রান পর রান আউটের ফাঁদে পড়ে ড্রেসিংরুমে ফেরেন শুভাগত হোম (০)।
পঞ্চম উইকেট জুটিতে আরিফুলকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন রিকি ওয়েসেলস। তবে দলীয় ১২৫ রানের মাথায় ওয়েসেলস ২৯ বলে চারটি চার ও একটি ছয়ে ৪০ রানে এমরিটের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন।
শেষ দিকে আরিফুলের অপরাজিত ২৬ রানের কল্যাণে ১৫০ ছাড়ায় খুলনা।
বরিশালের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম তিনটি উইকেট নেন।








