চলতি বছরের ১৫ আগস্ট প্রয়াত হয়েছেন বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর। তাঁর রেখে যাওয়া ৭০ বছরের শিল্পসৃষ্টি নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে প্রদর্শনী। ‘মুর্তজা বশীরের সৃষ্টি ও প্রসারিত মন’ শীর্ষক সেই প্রদর্শনী করোনাকালে ঘরে বসেও উপভোগ করতে পারবেন আগ্রহীরা।
প্রদর্শনীতে চিঠিপত্র, স্কেচ, আলোকচিত্র, পোস্টার ও পেপারকাটিংয়ের সংকলনের মধ্য দিয়ে মুর্তজা বশীরের গহন শিল্প-জিজ্ঞাসা, ইতিহাস সচেতনতা ও সমাজচিন্তার রূপরেখা তুলে ধরা হয়েছে।
এ প্রদর্শনীতে স্থান পেয়েছে অনেকের ব্যক্তিগত সংগ্রহে থাকা কিছু বিরল চিত্রকর্ম, ক্যাটালগ ও আলোকচিত্র। আয়োজকেরা আশা করছেন বৈচিত্র্যময় ও বহুকৌণিক শিল্পগুচ্ছ থেকে মুর্তজা বশীরের বৃহত্তর ভুবনের সাক্ষাৎ লাভ করবেন দর্শক।
এই প্রদর্শনীর জন্য শিল্পকর্মগুলো দিয়েছেন আবুল হাসনাত, মতিউর রহমান, মুনতাসীর মামুন ও ফাতিমা মামুন, আবুল খায়ের, আশফাকুর রহমান, জাফর ইকবাল, মাহবুব উর রহমান, নজরুল হুসাইন, সানাউল আরেফিন, সৈয়দ ইবনে আব্বাস, তারিক সুজাত ও মোহাম্মদ আসাদ। প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেঙ্গল ফাউন্ডেশন, ব্র্যাক ও শূন্য আর্ট স্টুডিও।
যেকোনো দেশ থেকে যে কেউ লিংকে ক্লিক করলে সময় হিসেবে দিনের আলো বা রাতের আবহে দেখতে পাবেন ছবি। খুব কাছ থেকে আবার দূর থেকে থ্রিডি গ্যালারি ও ডলহাউস ভিউতে দেখতে পাবেন।
প্রদর্শনী চলবে ২০২১ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত।







