পাঁচ ওয়ানডে আর তিন টি-টুয়েন্টির সিরিজ খেলতে আয়ারল্যান্ডের পথে রওনা হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। শনিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উড়াল দেন মুমিনুল-তাসকিন-সোহানরা।
ডাবলিনে ১ আগস্ট থেকে ওয়ানডে সিরিজ। টি-টুয়েন্টি সিরিজ শুরু ১৩ আগস্ট।
ওয়ানডে সংস্করণে নির্বাচকদের বিবেচনায় আছেন মুমিনুল। ‘টেস্ট ক্রিকেটার’ তকমা পাওয়া এ বাঁহাতি ব্যাটসম্যানকে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে করা হয়েছে অধিনায়ক। মুমিনুলের ব্যাট হাসলে রঙিন পোশাকে বাংলাদেশ দলে খেলার সম্ভাবনা জাগতে পারে। ফুরাতে পারে চার বছরের অপেক্ষা।
কোমরের চোট ও বাজে পারফরম্যান্সের কারণে টি-টুয়েন্টি দল থেকে ছিটকে পড়া তাসকিন আহমেদের সুযোগ আইরিশদের বিপক্ষে চেনারূপে ফিরে জাতীয় দলে ফেরার দাবি জোরাল করার। এ ডানহাতি পেসার সবশেষ ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কায় নিধাস ট্রফিতে।
আয়ারল্যান্ডে বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে নেতৃত্বে দেবেন সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেই যাবেন ডাবলিনে। এ বাঁহাতি ওপেনারের সুযোগ থাকবে ফর্মে ফিরে এশিয়া কাপের ওয়ানডে দলে জায়গা করে নেয়ার।

১৫ সদস্যের দলে আছেন ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে খেলে আসা নুরুল হাসান সোহান ও টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজের দলে থাকা নাজমুল হোসেন শান্ত। বাকিরা ছিলেন শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজে। বাদ পড়েছেন সিরিজ নির্ধারণী ম্যাচের স্কোয়াডে হঠাৎ ডাক পাওয়া অফস্পিনার সোহাগ গাজী।
বাংলাদেশ ‘এ’ দল: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, মুমিনুলক হক, আফিফ হোসেন ধ্রুব, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন (জুনিয়র), জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, মিজানুর রহমান, তাসকিন আহমেদ।







