পচেফস্ট্রম টেস্টের চতুর্থ দিনে সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে বৃষ্টি হানা দিয়েছিল। লিডটা অবশ্য ততক্ষণে ৩৮৮তে টেনে নিয়েছে প্রোটিয়ারা। খানিক বিরতি দিয়ে আবারও মাঠে গড়িয়েছে খেলা। লিড পেরিয়ে গেছে চারশর ঘর।
স্বাগতিকদের লিড যত বাড়ছে বাংলাদেশের জন্য ততই কঠিন হয়ে উঠছে সিরিজের প্রথম টেস্টের প্লট। রোববার সকালে সাফল্য কেবল দুটি। প্রথমে কাটারে বাজিমাত করে মোস্তাফিজ ফিরিয়েছেন আমলাকে। পরে মুমিনুল সাজঘরে পাঠান ডু প্লেসিসকে।
দ্রুত রান তুলে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন ফ্যাফ ডু প্লেসিস। বাধা হয়ে দাঁড়ালেন মুমিনুল হক। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় উইকেটটি তুলে নিলেন প্রতিপক্ষ অধিনায়ককে এলবিডব্লিউ করে। ডু প্লেসিস তখন ৮১ রানে।
মুমিনুলের বলটা স্টাম্প বরাবর ছিল। সুইপ করতে যেয়ে লাইন মিস করে ফেলেন ডু প্লেসিস। সেটিই মুমিনুলের সারপ্রাইজ দুই। প্রথমটি এসেছিল ২০১৩ সালে, চট্টগ্রাম টেস্টে আউট করেছিলেন নিউজিল্যান্ডের বিজে ওয়েটলিংকে।
পরে দ্রুততর সময়ে আরও দুটি উইকেট তুলে নিয়েছেন মুমিনুল। টেম্বা বাভুমার (৭১) লেগসাইডে ওঠা ক্যাচটা সুপারম্যানের ভঙিতে ঝাঁপিয়ে পড়ে গ্লাভসে নিয়েছেন লিটন। আর কুইন্টন ডি ককের (৮) উইকেটটিও নিয়েছেন লিটনের সহযোগীতায়। অফস্টাম্পের বাইরের বলে বেরিয়ে খেলতে গেলে ডি কককে স্টাম্পিং করেন লিটন।
অবশ্য দিনের প্রথম বাজি নিজের ঘরে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। শনিবার মার্করামকে যেভাবে কাটারে বোকা বানিয়েছিলেন, রোববার হাশিম আমলাকেও সেভাবেই সাজঘরে পাঠান ফিজ।
কাটার মাস্টার বলটা ফেলেছিলেন অফস্টাম্পের বাইরে। পরিকল্পনা মতই প্রলুব্ধ করলেন আমলাকে। গতি বৈচিত্র্যের কাটারে বিভ্রান্ত হয়ে অভিজ্ঞ প্রোটিয়া ব্যাটসম্যান সাজঘরে। আমলাকে আউট করা বলটি অবশ্য গ্রিপ করেছিল খানিকটা বেশিই। ব্যাটের কানায় লাগার পর গ্লাভসে জমাতে ভুল করেননি উইকেটরক্ষক লিটন। ২৮ রানে ফিরেছেন আমলা।
সাউথ আফ্রিকা ৩ উইকেটে ৪৯৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল। শনিবার গুটিয়ে যাওয়ার সময় ৩২০ রানে পৌঁছায় বাংলাদেশ। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে এসে প্রোটিয়ারা ২ উইকেটে ৫৪ রান তোলার পর আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ হয়ে যায়।
চতুর্থদিনে সংগ্রহটা দুইশ পেরিয়ে গেছে প্রোটিয়ারা। লিডটা তো চারশই পেরিয়েছে। তারা কোথায় যেয়ে থামে সেটিই এখন দেখার। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের জন্য তাই কঠিন পরিস্থিতিই অপেক্ষা করছে।







